দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশের চারটি অঞ্চলে দুপুরের মধ্যেই দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা যায়।
এদিকে বুধবার রাতে দেওয়া আবহাওয়ার আরেক পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞাপন
অন্যদিকে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।








