Logo

চার অঞ্চলে ৬০ কিমি বেগে দমকা হাওয়া-বৃষ্টির আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১১:৪১
চার অঞ্চলে ৬০ কিমি বেগে দমকা হাওয়া-বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের চারটি অঞ্চলে দমকা থেকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের মধ্যে অন্তত চারটি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা নদীপথে চলাচলকারী নৌযানগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট চার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।

বিজ্ঞাপন

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD