Logo

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১১:৫০
দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
ছবি: সংগৃহীত

দেশের অন্তত ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কতা প্রযোজ্য থাকবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এর পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা স্থানীয়ভাবে পরিস্থিতি আরও অস্থির করে তুলতে পারে।

বিজ্ঞাপন

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় কমতে শুরু করতে পারে। এতে করে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক পর্যায়ে নেমে আসার সম্ভাবনাও রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD