Logo

ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১২:০১
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে ঢাকাবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে চলমান তাপদাহের তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এ পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি কিংবা দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা গরমের তীব্রতা কমাতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD