টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা, তিন জেলায় বাড়ছে ঝুঁকি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আবারও বন্যা পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে অন্তত তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিজ্ঞাপন
সর্বশেষ তথ্য অনুযায়ী, হাওর অঞ্চলের প্রধান নদীগুলোর মধ্যে সুরমা, কুশিয়ারা এবং ধনু-বাউলাই নদীর পানি কিছুটা কমলেও ভোগাই ও কংস নদীর পানি বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে এখনো এসব নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচে অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চল এবং উজানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস বলছে, আগামী তিন দিনেও এই অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বিজ্ঞাপন
পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তৃতীয় দিনে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এতে করে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো বন্যার ঝুঁকিতে পড়তে পারে।
এছাড়া ধনু-বাউলাই এবং ভোগাই-কংস নদী অববাহিকাতেও পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার নদীগুলো তৃতীয় দিনে সতর্কসীমা ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদী তীরবর্তী জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে।








