Logo

মে মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা, তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৭:৪৮
মে মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা, তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে দেশের ওপর দিয়ে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

তাপমাত্রার ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। তবে মাসজুড়ে তাপপ্রবাহের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে ১ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) হওয়ার সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে ভোগান্তি বাড়াতে পারে।

বিজ্ঞাপন

নদ-নদীর পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সমতল সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।

এদিকে, গত এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে গড়ে ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিক থাকলেও দেশের অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD