সারাদেশে টানা ৫ দিন অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে

দেশের ওপর দিয়ে সক্রিয় থাকা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় আগামী পাঁচ দিন সারাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়সীমা পেরিয়ে গেলে বৃষ্টিপাত কমে গিয়ে তাপমাত্রা আবার বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, প্রথম ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: সারাদেশে কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা
বিজ্ঞাপন
এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়ার ক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
রোববার (৩ মে) একই সময় থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। ওই দিনও কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (৪ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা পরিবর্তিত হয়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনার দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (৬ মে) সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে জানানো হয়েছে, পাঁচ দিনের এই বৃষ্টিপাতের ধারা শেষে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।







