৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দুপুরের মধ্যে এসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর উদ্দেশ্যে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী, আজ ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রা বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞাপন








