৭ অঞ্চলে দমকা হাওয়ার আভাস, ঢাকায় নামতে পারে বৃষ্টি

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বইতে পারে। একই সঙ্গে রাজধানী ঢাকাতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রযোজ্য এক পূর্বাভাসে জানানো হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: থামছে না বৃষ্টি, কয়েকদিন থাকতে পারে দাপট
অন্যদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে।
আরও পড়ুন: ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন








