৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঝড়কে কেন্দ্র করে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের উদ্দেশে দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিশেষ করে উপকূলীয় এই ছয়টি অঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।








