Logo

দুপুরের মধ্যে ৪ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির শঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১০:৫৯
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চারটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে প্রকাশিত আবহাওয়ার সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, চলমান মৌসুমি পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে। তাই বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD