Logo

রাতে ঢাকাসহ ১০ জেলায় শক্তিশালী ঝড়ের আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৯:০০
রাতে ঢাকাসহ ১০ জেলায় শক্তিশালী ঝড়ের আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা সহ দেশের ১০টি অঞ্চলে রাতের মধ্যে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ মে দিবাগত রাত ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়টি যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সকালের পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD