Logo

রাতের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মে, ২০২৬, ২০:০৫
রাতের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানান, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

ঢাকা বিভাগের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায় এই সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়।

রাজশাহী বিভাগের ক্ষেত্রে আজ তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়েছে।

বরিশাল বিভাগে দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

রংপুর বিভাগে দুপুর ২টার পর থেকে শনিবার বিকেল ৬টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু উপজেলায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাত ১০টার পর থেকে ভোর ৪টার মধ্যে বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

সিলেট বিভাগে সুনামগঞ্জ ও সিলেটে ইতোমধ্যে বৃষ্টি হচ্ছে, যা দুপুর ৩টা পর্যন্ত চলতে পারে। এরপর দুপুর ৩টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে পুরো বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ময়মনসিংহ বিভাগেও শেরপুর ও নেত্রকোনার কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বিকেল ৬টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে পুরো বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD