Logo

তাপপ্রবাহে পুড়ছে দেশের ১৭টি জেলা, বাড়তে পারে বৃষ্টি-ঝড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুন, ২০২৬, ১১:৫৬
তাপপ্রবাহে পুড়ছে দেশের ১৭টি জেলা, বাড়তে পারে বৃষ্টি-ঝড়
ছবি: সংগৃহীত

দেশের ১৭টি জেলা ও অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে।

বিজ্ঞাপন

বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর কিছু এলাকায় তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

রোববার ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, রংপুর ও ঢাকা বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD