তাপপ্রবাহে পুড়ছে দেশের ৩৮ জেলা

ঢাকাসহ দেশের ৩৮ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি বছরে একদিনে এত বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের প্রভাব এর আগে দেখা যায়নি। সাধারণত মে মাসের শেষ দিকে দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও এবার এখনো তার দেখা মেলেনি। ফলে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশ বজায় থাকতে পারে।
শুক্রবার (৬ জুন) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।
এদিকে, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৪৮ মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও যশোরে, যেখানে পারদ উঠেছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যার পরিমাণ ছিল ৪৪ মিলিমিটার।
বিজ্ঞাপন
মৌসুমি বায়ুর আগমন বিলম্বিত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গরমের প্রকোপ বেড়েছে। তবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেলে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।







