দেশের ৫ জেলায় আবারও বন্যার আশঙ্কা

সাগরে সৃষ্ট লঘুচাপ ও টানা বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি আবারও বাড়তে পারে। এতে অন্তত পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও আগামী তিন দিনের মধ্যে আবারও পানি বাড়তে পারে। কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বেড়েছে, যদিও সুরমা নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে দুই নদীরই পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপরও আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা অববাহিকার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া ফেনী, মুহুরি, গোমতী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে আগামী এক দিনে এসব নদীর পানি কিছুটা বাড়লেও পরবর্তী দুই দিন পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।







