দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ পূর্বাভাস দিয়েছেন।
পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা নেই।
আগামীকাল সকাল থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বিজ্ঞাপন
এদিকে, গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা সন্দীপে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।








