বিদায়ের দ্বারপ্রান্তে মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের পথে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও।
বিজ্ঞাপন
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। বর্তমানে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় রয়েছে।
বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।







