Logo

কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১ অক্টোবর, ২০২৫, ১৪:২৪
কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও অন্তত পাঁচটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া একটি পাখির দোকানে থাকা প্রায় ২০০ পাখি মারা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ইনচার্জ মাহফুজুর রহমান জানান, “সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো—গৌতম বণিকের দোকান (প্রায় ২৫ লাখ টাকা) লিটন বণিকের দোকান (৮ লাখ টাকা) বরেন্দ্র মণ্ডলের দোকান (২ লাখ টাকা) শীতল মণ্ডলের দোকান (২ লাখ টাকা) লিটন ঘোষের দোকান (২ লাখ টাকা) টাকায় ক্ষতি হয়েছে। এরমধ্যে পোড়া দোকানগুলোর মধ্যে ছিল রঙের দোকান ও একটি পাখির দোকান।

পাখি ব্যবসায়ী বরেন্দ্র মণ্ডল জানান, “আমার দোকানে থাকা বাজরিগর, ককাটেল, টিয়া, কবুতর, ঘুঘুসহ প্রায় ২০০ পাখি আগুনে পুড়ে মারা গেছে। এছাড়াও দুই লাখ টাকার পাখির খাদ্যও নষ্ট হয়েছে।”

বিজ্ঞাপন

কাপাসিয়া থানার এসআই শফিক মিয়া বলেন, “আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তদন্ত শেষে সঠিক তথ্য জানানো হবে।”

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD