সাংবাদিককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. ফয়সাল আহমেদ নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটনের বিরুদ্ধে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতা আতিকুর রহমান লিটন সাংবাদিক ফয়সাল আহমেদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, ফয়সাল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে ভবিষ্যতে তথ্য সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। এ কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি। ঘটনার বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতিকুর রহমান লিটন বলেন, ‘সাংবাদিক ফয়সাল আওয়ামী লীগের দোসর। তিনি আমার পরিবারের বিষয় নিয়ে রিপোর্ট করার নামে আমাকে বিরক্ত করেছেন। নতুন সাংবাদিক হওয়ায় তাকে সতর্ক করা হয়েছিল। এ সময় দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’
বিজ্ঞাপন
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘সাংবাদিকের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’








