মির্জাপুরে অটোরিক্সা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে শফিউল ইসলাম শাকিল (২৮) নামে এক অটোরিক্সা চালককে নৃশংসভাবে হত্যা করে তার অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাওয়ার কুমারজানী এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিহত শফিউল ইসলাম শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব উদ্দিনের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা চালাতেন।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভাড়া অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন শাকিল। এরপর আর বাসায় ফেরেননি। রাত ১০টার পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বিজ্ঞাপন
এরপর শনিবার দুপুরে স্থানীয়রা মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে শাকিলের পরিচয় নিশ্চিত করেন।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাবেদ পারভেজ জানান, নিহতের বাম চোখ উপড়ে ফেলা হয়েছে, যা হত্যাকাণ্ডের নৃশংসতার প্রমাণ দেয়।
বিজ্ঞাপন
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।








