লাঠিসোঁটা হাতে বাংলাদেশি কৃষকদের প্রতিরোধ, পিছু হটল বিএসএফ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মাঠে কাজ করা কৃষকদের মারধরের চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। এ সময় কৃষকেরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে তাদের ধাওয়া দিলে তারা সীমান্তের ওপারে ফিরে যান। পরে বাংলাদেশের দিকে গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা চালান। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা একত্রিত হন। তারা লাঠিসোঁটা হাতে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে ধাওয়া খেয়ে তারা পিছু হটতে বাধ্য হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগ, ধাওয়া চলাকালে বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ সদস্যদের মারধরের ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক বক্তব্য জানতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি এবং ভিডিও দেখেছি। তবে যেহেতু এটি সম্পূর্ণ সীমান্ত এলাকার বিষয়, তাই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।’








