নেত্রকোণায় ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষে আহত ৭

নেত্রকোণা-৩ আসনের (কেন্দুয়া-আটপাড়া) কেন্দুয়া উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) দিবাগত রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন—গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। তাদের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে। তারা দু’জনই ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গারাউন্দ ও দেওপাড়া গ্রাম পাশাপাশি অবস্থিত। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দুই গ্রামের বাসিন্দারা রাতে নির্বাচন নিয়ে আলোচনা করতেন। মঙ্গলবার রাতে নির্বাচন প্রসঙ্গে কথাবার্তার এক পর্যায়ে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের সমর্থক আলমগীর মিয়ার মধ্যে তর্কের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
বিজ্ঞাপন
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেনা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।








