Logo

মৌলভীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১০ মার্চ, ২০২৬, ১৭:০০
মৌলভীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ছবি প্রতিনিধি।

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা, অগ্নিনির্বাপন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়সমূহ নিয়ে বাস্তবধর্মী মহড়া ও প্রদর্শনী উপস্থাপন করেন। এই মহড়ায় আগুন লাগা, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার জন্য অত্যন্ত শিক্ষণীয় ও সচেতনতামূলক ছিল।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।"

এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD