Logo

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর, তদন্তে গঠন হলো দুই কমিটি

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৪
রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর, তদন্তে গঠন হলো দুই কমিটি
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভাঙচুরে রেলওয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে এসব কমিটি কাজ করবে।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক আহাম্মদ হোসেন মাসুম।

তিনি বলেন, আগের দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। একজন টিকিটবিহীন যাত্রীকে কেন্দ্র করে প্রথম দিকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা পরে সমাধান হয়ে যায়। তবে এক শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী রেলস্টেশনে রাষ্ট্রীয় সম্পদে ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহাম্মদ হোসেন মাসুম জানান, ঘটনার পর রাতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেন। সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় রেলশ্রমিকদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। কোনো তদন্ত ছাড়াই শ্রমিকদের বরখাস্ত করার বিষয়ে তারা আপত্তি জানালে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। পরে শ্রমিকেরা কাজে যোগ দেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন।

রেলের এই কর্মকর্তা বলেন, সোমবার সকাল ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রেলওয়ের তদন্ত কমিটির পাশাপাশি বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, রেলওয়ে ও বিভাগীয় প্রশাসনের তদন্ত কমিটি আলাদাভাবে কাজ করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার আগে কাউকে দায়ী করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি।

স্টেশন পরিদর্শনের বিষয়ে আহাম্মদ হোসেন মাসুম বলেন, ভাঙচুরে রেলওয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখতে তিনি স্টেশন পরিদর্শন করেছেন। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সময় একটি আন্তঃনগর ট্রেন স্টেশনে অবস্থান করছিল এবং তাতে নারী ও শিশুসহ যাত্রী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ এমন পরিস্থিতিতে সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠকের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে আহাম্মদ হোসেন মাসুম বলেন, কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রেলের সঙ্গে কোনো সমস্যা বা ক্ষোভ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে সাধারণ যাত্রীদের যেন কোনোভাবে ক্ষতির শিকার হতে না হয় এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয় এমন ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

আহাম্মদ হোসেন মাসুম আরও জানান, দুটি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD