রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের রাজশাহী কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া চার রেলকর্মী হলেন—মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম এবং মো. শাহানুর হোসেন।
দপ্তরাদেশে বলা হয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কমান্ড্যান্টের কাছে দৈনিক হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তবে রেলকর্মীদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাকসু ভিপি। তার দাবি, এর আগেও আন্দোলনের পর রেল কর্তৃপক্ষ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়নি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আন্দোলন থামাতে তড়িঘড়ি করে এবারও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না এবং পরবর্তী সময়ে তাদের আবার বহাল করা হবে কি না—তা নিয়ে শঙ্কা রয়েছে।
এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজশাহী রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতিসহ শিক্ষার্থীদের উত্থাপিত সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দকে স্টেশনে অবস্থানের আহ্বান জানান তিনি।
এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী।
বিজ্ঞাপন
ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। এর প্রতিবাদে তারা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি ঘোষণা করে স্টেশনের দিকে যাত্রা করেন।
পরে শিক্ষার্থীরা স্টেশন ঘেরাও করেন এবং একপর্যায়ে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চার রেলকর্মীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে, সোমবার সকাল থেকে রাজশাহী রেলস্টেশনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচলও পুনরায় শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান ও পরবর্তী কর্মসূচি নিয়ে পরিস্থিতি নজরদারিতে রয়েছে।








