Logo

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত ২০

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২২ মার্চ, ২০২৬, ১০:৫৩
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত ২০
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে। তারা সবাই বাসের যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় এবং মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, বাসটি রেললাইনে উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ১২ জনের মরদেহ হাসপাতালের মেঝেতে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন, আর অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

আহত যাত্রী ওমর ফারুক জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ধাক্কায় জেগে উঠে দেখেন বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। এরপর কী ঘটেছে, তা তিনি বলতে পারেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD