Logo

ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলি, মাদক ও গাড়িসহ গ্রেফতার ৩

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৩ মার্চ, ২০২৬, ১৫:৫২
ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলি, মাদক ও গাড়িসহ গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার সিয়াম ও হিমেল এবং নাটোরের লালপুর উপজেলার শামসুদ্দিন আহমেদ টেলু। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও তিন সদস্য পালিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার (২৩ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদ এলাকার সামনে ডাকাতির প্রস্তুতি চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভেড়ামারা থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা হয়, অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

আটকদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ চাপাতি, একটি লোহার পাইপ, এক বোতল মদ, একটি আইফোন এবং একটি সাদা প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই এলাকায় মাঝেমধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। সময়মতো পুলিশ অভিযান না চালালে বড় ধরনের অপরাধ ঘটতে পারত বলে তারা ধারণা করছেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। পলাতক আরও তিনজনকে গ্রেফতারে অভিযান চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD