Logo

শেরপুর-৩ আসনে এগিয়ে বিএনপি, বড় ব্যবধানে জয়ের আভাস

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
৯ এপ্রিল, ২০২৬, ২১:০১
শেরপুর-৩ আসনে এগিয়ে বিএনপি, বড় ব্যবধানে জয়ের আভাস
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। অধিকাংশ কেন্দ্রের ফলাফল প্রকাশের পর তার জয় অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মোট ১২৮টি কেন্দ্রের মধ্যে ১১১টি কেন্দ্রের ফলাফল এবং পোস্টাল ভোটের হিসাব পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট। ফলে এখন পর্যন্ত প্রায় এক লাখ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন রুবেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল এলেও ফলাফলের ধারা বদলানোর সম্ভাবনা খুবই কম।

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচন স্থগিত হওয়ার পর পুনঃনির্ধারিত এই ভোটে ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের অন্যান্য আসনের সঙ্গে এই আসনেও নির্বাচন হওয়ার কথা ছিল। তবে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয় এবং পরে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

নির্বাচন কর্মকর্তা আরও জানান, সামগ্রিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশেই সম্পন্ন হয়েছে। যদিও কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ৫০ দশমিক ৫২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফলের এই চিত্রে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD