শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপির রুবেল

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় তিন গুণের বেশি ভোট পেয়ে তিনি বিজয় নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফলাফল নিশ্চিত করেন। নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেওয়া মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। অন্যদিকে কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৪৮০ ভোট। সব মিলিয়ে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন রুবেল।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি। বাতিল ভোট ছিল ২ হাজার ৮৬টি। ফলে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি, যা মোট ভোটারের প্রায় ৫২ দশমিক ১৯ শতাংশ।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে এই আসনেও ভোট হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
বিজ্ঞাপন
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে রয়েছে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা। এখানে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডাকযোগে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন ৩ হাজার ৫৭৪ জন, যার মধ্যে ২ হাজার ১৯ জন ভোট দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। কিছু বিচ্ছিন্ন জাল ভোটের ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে অংশ নেওয়ার জন্য শ্রীবরদী ও ঝিনাইগাতীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে।








