রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে, হেল্পার নিহত

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামে এক হেল্পারের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) সকালে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের পিপলিতা গ্রামের আব্দুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির এআরএম ব্রিকস থেকে ইট বোঝাই করে চারটি ট্রলি ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির হেল্পার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলির ইট সরিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর ট্রলির চালক শাকিল পলাতক রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে ওসি সুজন বিশ্বাস বলেন, ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম নামে এক হেল্পারের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








