সুনামগঞ্জের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে এ হতাহতের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। একই সময় সদর উপজেলার হাওরের অন্য একটি স্থানে বজ্রপাতে অজ্ঞাতপরিচয় আরও এক কৃষকের মৃত্যু হয়।
এদিকে, শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও তিনজন কৃষক আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিক জানান, বজ্রপাতে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় হাসপাতালের নথিতে সংরক্ষিত রয়েছে। তবে অপর এক ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যরা দ্রুত নিয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
হাওরাঞ্চলে ধান কাটার মৌসুমে এমন দুর্ঘটনা নতুন নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। খোলা মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের ঝুঁকি থাকায় কৃষকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সচেতনতা বাড়ানোরও দাবি উঠেছে।
বিজ্ঞাপন








