উপজেলা প্রাণিসম্পদ অফিসার পদে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তাগণের ফুলেল শুভেচ্ছা

দেশের প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে দায়িত্ব পালন করে যাওয়া ৩৮তম বিসিএস লাইভস্টক ক্যাডার কর্মকর্তাদের মধ্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার/সমমান (৬ষ্ঠ গ্রেড) কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) পদোন্নতিপ্রাপ্ত ৩৮তম বিসিএস লাইভস্টক ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ নাজমুল হক, সাধারণ সম্পাদক এ.এফ.এম. ফয়জুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকায় মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এই অর্জনে অধিদপ্তরজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মকর্তারা মহাপরিচালকের সঙ্গে মতবিনিময়কালে দেশের প্রাণিসম্পদ উন্নয়ন, খামার ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা এবং মাঠপর্যায়ে সেবার মান বৃদ্ধিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, দেশের প্রাণিসম্পদ খাত বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত। মাঠপর্যায়ে দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল কর্মকর্তাদের মাধ্যমে এই খাত আরও সমৃদ্ধ হবে। আপনাদের সততা, নিষ্ঠা ও জনসেবামূলক মানসিকতা দেশের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।








