ঝালকাঠিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, ডোবায় ফেলে রাখে মরদেহ

ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৮) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামে এ ঘটনা ঘটে। পরে রোববার দুপুরে স্থানীয় একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
নিহত আমিনুল ইসলাম বাবু নাচনমহল ইউনিয়নের কুরালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে। তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। পরে ঘটনাটি আড়াল করতে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে রেখে যায়।
বিজ্ঞাপন
রোববার দুপুরে স্থানীয়রা ডোবায় মরদেহ ভাসতে দেখে নলছিটি থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হত্যার কারণ উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।








