নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় মাগরিবের নামাজে ইমামতি করার সময় শামিম হাওলাদার (নাম) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনের মসজিদে মাগরিবের নামাজে ইমামতি করছিলেন শামিম হাওলাদার। এ সময় নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শামিম হাওলাদার পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। অটোরিকশা চালিয়ে উপার্জন করে পাঁচ সন্তান নিয়ে সংসার চালাতেন তিনি। তাঁর তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাঁদের মধ্যে দুই মেয়ে পবিত্র কোরআনের হাফেজা।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য, শামিম হাওলাদার ধর্মপরায়ণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। নামাজে ইমামতি করার সময় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত স্বজনেরা। তাঁর মৃত্যুতে এলাকাবাসীও শোক প্রকাশ করেছেন।








