বোনকে খুঁজে দেওয়ার কথা বলে শিশুকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে খুঁজে দেওয়ার কথা বলে ১১ বছর বয়সী এক শিশুকে ইজিবাইকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে ছোট বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে চানমারী এলাকায় যায় শিশুটি। সেখানে এক ব্যক্তি তার বোনকে খুঁজে দেওয়ার কথা বলে তাকে ইজিবাইকে তুলে নেয়।
পরে শিশুটিকে শিবু মার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ওসি জানান, আহত অবস্থায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি শিশুটিকে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির কোনো অভিভাবককে পাওয়া না যাওয়ায় হাসপাতালের চিকিৎসকেরা পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ শিশুটিকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
বিজ্ঞাপন








