Logo

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর, বাড়িতে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৫ জুন, ২০২৬, ১৬:৩০
টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর, বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুটি গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে শুক্রবার সকালে হামলা, ভাঙচুর এবং ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) সকালে গোপালপুর উপজেলার নলীন বাজার এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় নতুন করে হামলার ঘটনা ঘটে। পরে জগৎপুরা এলাকায় কয়েকটি ঘরবাড়িতে আগুন দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ দিকে বিশৃঙ্খলারোধে গোপালপুরের নলীন বাজার, গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে একজন মারা যাওয়া ও ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ২য় দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুর অংশের লোকজন। পরিস্থিতি স্বাভাবিক করতে গত রাত ১২টার পরই গোপালপুর ও ভূঞাপুরের স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গত রাত থেকেই ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সংঘাতের আশঙ্কায় দুই পক্ষের লোকজন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। ফলে জগৎপুরা, গোলপেঁচা ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে গতকাল বিকালে পুনরায় সংঘর্ষে জড়ায় দুই গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রসহকারে চলে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহত অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কমপক্ষে ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD