Logo

‘বাস থেকে না নামলে আজ হয়তো বাঁচতাম না, আমি সাঁতার জানি না’

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
৫ জুন, ২০২৬, ১৬:৫২
‘বাস থেকে না নামলে আজ হয়তো বাঁচতাম না, আমি সাঁতার জানি না’
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাসটির যাত্রীরা। ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্সের যাত্রী মৌমিতা শেখ বলেন, “বাস থেকে না নামলে আজ হয়তো বাঁচতাম না। আমি সাঁতার জানি না। বড় একটি বিপদ থেকে রক্ষা পেয়েছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, শুক্রবার সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মজমপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠেন তিনি। সকাল সাড়ে ৯টার কিছু আগে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছায়। ফেরিতে ওঠার আগে বাসের সুপারভাইজার সব যাত্রীকে নেমে যেতে বলেন। যাত্রীরা বাস থেকে নেমে সংযোগ সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পান বাসটি দ্রুতগতিতে সামনে এগিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

বিজ্ঞাপন

মৌমিতা শেখের ভাষ্য, যাত্রীরা আগে থেকেই বাস থেকে নেমে যাওয়ায় সবাই প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি ফেরিঘাটের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান। তার মতে, ঘাটের সংযোগ সড়কটি বেশ খাড়া হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এ ধরনের ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় এসবি সুপার ডিলাক্সের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় আড়াই ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটি নদী থেকে তুলে আনে।

ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, বাসে যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। যাত্রীদের মালামাল উদ্ধার করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে সেগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে। তিনি ফেরিতে ওঠার সময় যাত্রীদের বাস থেকে নেমে যাওয়ার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে আসা একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জন যাত্রীর মৃত্যু হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD