কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ চট্টগ্রামে যুবলীগের মিছিল

চট্টগ্রাম নগরীতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। একই দিনে নগরীর পৃথক দুটি এলাকায় সংগঠনটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘটনা ঘটেছে। এসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের অনেকের মাথায় কাফনের কাপড় বাঁধা দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতা-কর্মীরা। তাদের হাতের ব্যানারে হামে শিশু মৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
একইদিন নগরীর ষোলশহর এলাকায় মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা। মিছিলের ব্যানারে শুলকবহর ওয়ার্ড যুলীগের সভাপতি মো. আবুল বাশারের নাম দেখা গেছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, আগ্রাবাদ ও ষোলশহর এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ নজরদারি বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








