Logo

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম, মামলা দায়ের

profile picture
উপজেলা প্রতিনিধি
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
২২ জুন, ২০২৬, ২০:৩৭
আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম, মামলা দায়ের
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুনায়েদ হোসেন নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং দুটি সেলাই দেওয়া হয়েছে। গত রবিবার রাতে পৌর এলাকার সড়ক বাজারে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় জুনায়েদ হোসেনের বাবা মো. জালাল উদ্দিনের করা অভিযোগ সোমবার দুপুরে আখাউড়া থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে সোমবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আহত সাংবাদিক জুনায়েদ হোসেন জিটিভি ও কালবেলার আখাউড়া প্রতিনিধি। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শনিবার বিকেলে জনবাণী পত্রিকার সাংবাদিক মো. ইসমাইল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় একটি দোকানেও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, মাদকসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জের ধরেই এ হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় রবিবার রাতে ইসমাইল হোসেনের চাচাতো ভাই সাংবাদিক জুনায়েদ হোসেনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা বিভিন্ন সময়ে মাদক নিয়ে প্রতিবেদন প্রকাশের বিষয়ে তার কাছে কৈফিয়ত দাবি করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় জখম হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে কয়েকজন চিহ্নিত মাদক কারবারি এবং তাদের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে। মাদক পাচার সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর, জামাল, খোরশেদ মিয়া ও তার ছেলে আলমসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ করা হয়েছে। এর আগে শনিবারের হামলায় সাংবাদিক ইসমাইল হোসেন ছাড়াও রানা স্টিলের আশরাফুল ইমন আহত হন।

বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD