Logo

শ্রীনগরে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানোর অভিযোগ, পুনরায় গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সিগঞ্জ
২৮ জুন, ২০২৬, ১৭:০৭
শ্রীনগরে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানোর অভিযোগ, পুনরায় গ্রেফতার
ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুনরায় গ্রেফতার হওয়া ব্যক্তি সাব্বির শেখ। তিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাব্বির শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। শ্রীনগর থানার এসআই রাজ্জাক ও শরিফুলসহ পুলিশের একটি দল তাকে আটক করে এবং হাতে হ্যান্ডকাফ পরায়।

বিজ্ঞাপন

এ সময় সাব্বির শেখের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে পুলিশ জানায়। একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় সাব্বির শেখকে ছিনিয়ে নিয়ে পাশের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমানসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টা পর সাব্বির শেখকে পুনরায় গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিল্টন দত্ত জানান, সাব্বির শেখের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD