আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে অভিযোগ করতে থানায় নোয়াখালীর যুবক

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিতর্কিত ম্যাচে রেফারিং নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলে নোয়াখালীর এক যুবক থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করেছেন। তবে বিষয়টি স্থানীয় পুলিশের আইনগত এখতিয়ারের বাইরে হওয়ায় অভিযোগটি গ্রহণ করা হয়নি।
বিজ্ঞাপন
অভিযোগকারী মো. রাকিব নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় উপস্থিত হয়ে ফিফার সভাপতি, ম্যাচ পরিচালনাকারী রেফারি এবং সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে যান।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে পূর্বপরিকল্পিতভাবে অনিয়ম করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ম্যাচ পরিচালনায় এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিয়েছে এবং অন্য দলের প্রতি অবিচার করা হয়েছে। এ কারণে কোটি কোটি ফুটবল সমর্থকের আবেগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাকিব আরও দাবি করেন, ম্যাচ চলাকালে অন্যায্যভাবে পেনাল্টি দেওয়া, মিসরের একটি বৈধ গোল বাতিল করা এবং খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে।
অভিযোগপত্রে তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় অন্য দর্শকদের সঙ্গে ম্যাচটি উপভোগ করছিলেন। খেলার বিভিন্ন সিদ্ধান্ত দেখে তার মনে হয়েছে, ম্যাচ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা হয়নি এবং এতে তার সমর্থিত দল মিসর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ওই যুবক থানায় লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, ফিফা বা বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ গ্রহণ বা তদন্ত করার আইনগত ক্ষমতা স্থানীয় থানার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে এবং অভিযোগ গ্রহণ না করেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওসি আরও জানান, প্রয়োজন মনে করলে অভিযোগকারী সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনি বা বিচারিক ফোরামে বিষয়টি উত্থাপন করতে পারেন—এমন পরামর্শও তাকে দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগকারী মো. রাকিব জানিয়েছেন, থানায় অভিযোগ গ্রহণ না করায় তিনি বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে তিনি ইতোমধ্যে একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।
বিজ্ঞাপন
বিশ্বকাপের ওই ম্যাচে রেফারিং নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা চলছে। তবে নোয়াখালীর এই যুবকের থানায় অভিযোগ জানাতে যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে আলাদা করে কৌতূহলের সৃষ্টি করেছে।








