Logo

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৮ আগস্ট, ২০২৬, ১৯:৫০
চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচের একটি পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এতে ফ্লাইওভারের পিলারে থাকা কার্পেটিংয়ের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকায় হোটেল জামানের পাশে ফ্লাইওভারের একটি পিলারে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা পিলারে আগুন জ্বলতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকে ফ্লাইওভারের পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তের পর আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ফ্লাইওভারের পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফ্লাইওভারের মূল কাঠামোর কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জিইসি মোড় এলাকার ব্যবসায়ী খোরশেদ আলমদার জানান, হঠাৎ করে ফ্লাইওভারের পিলারে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানান। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় সাময়িকভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করতে ঘটনাটি তদন্ত করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD