Logo

থানার সামনে পিস্তল বের করে গুলি, মুহূর্তেই ভিডিও ভাইরাল

profile picture
উপজেলা প্রতিনিধি
ভাঙ্গা, ফরিদপুর
১৮ আগস্ট, ২০২৬, ১৬:৩৪
থানার সামনে পিস্তল বের করে গুলি, মুহূর্তেই ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পিস্তল দিয়ে প্রকাশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত যুবকের বিরুদ্ধে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও আতঙ্ক তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খয়েরি রঙের একটি ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে এক যুবক পিস্তল বের করেন। এরপর তিনি পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ওই যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও দেখা যায়। গুলির শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য দ্রুত দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী ওই প্রাইভেটকারটি ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কের মাঝখানে পার্কিং করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক গাড়িটি সড়কের পাশে সরিয়ে পার্কিং করতে বলেন। এ নিয়ে গাড়িতে থাকা এক যুবক ও এক তরুণীর সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় এক যুবককে থাপ্পড় দেন বলে অভিযোগ রয়েছে। এরপর ঘটনাস্থলে আরও কয়েকজন স্থানীয় যুবক এগিয়ে আসেন। এ সময় গাড়িতে থাকা ওই যুবক আবার গাড়িতে উঠে একটি ব্যাগ থেকে পিস্তল বের করেন বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, গুলিবর্ষণের ভিডিওটি পুলিশের হাতে এসেছে। তবে ভিডিওটি ভাঙ্গার ঘটনার কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ভিডিও দেখে গুলিবর্ষণে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ভাঙ্গায় ঘটনাটি ঘটে থাকলে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD