Logo

ফের কক্সবাজারের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ শতাধিক পর্যটক

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৩ অক্টোবর, ২০২৬, ২০:৩৬
ফের কক্সবাজারের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ শতাধিক পর্যটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের পরপরই তাঁরা সবাই নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হোটেল দ্য সি প্রিন্সেসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, তাঁদের হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থান করা পর্যটকেরাও নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।

এদিকে, কক্সবাজারে পর্যটনকেন্দ্রের হোটেল ও রিসোর্টে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ পর্যটকের মৃত্যু হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD