প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছেলের মৃত্যু

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তাঁর ছেলে শাওন (৭)। সম্পর্কে তাঁরা মা ও ছেলে।
জানা গেছে, সুমির পরিবার মাগুরা জেলার মোহাম্মদপুরে বাবার বাড়ি থেকে প্রাইভেটকারে করে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটির ওপর আছড়ে পড়ে। এতে প্রাইভেটকারটি চাপা পড়ে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তার ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








