Logo

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৩ অক্টোবর, ২০২৬, ১৭:০৭
কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন এসআই মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় মহাসড়কের পাশে টহল ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় পুলিশ সদস্যরা সড়কের পাশে গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন। ঠিক তখনই একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে এসআই মিজানুর রহমান, পুলিশের পিএসআই জাবেদ ওমর, গাড়িচালক কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

পরে এক রিকশাচালক ও এক পথচারী আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিএনপি নেতা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিজ্ঞাপন

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও এর চালকের সন্ধানে পুলিশের একটি দল কাজ করছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD