Logo

এবার প্রেমের টানে কিশোরীর বাড়িতে মাদারীপুরের তরুণী

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
৮ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৭
এবার প্রেমের টানে কিশোরীর বাড়িতে মাদারীপুরের তরুণী
ছবি: সংগৃহীত

টিকটকে পরিচয়, এরপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে সেই সম্পর্কের টানে মাদারীপুরের রাজৈর থেকে মাগুরার শ্রীপুরে ছুটে আসেন এক তরুণী। বিয়ের স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে তিনি হাজির হন কথিত প্রেমিকার বাড়িতে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর বাড়ি রাজৈর থানায়। অপর কিশোরী শ্রীপুরের একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ধর্মে মুসলিম।

গতকাল সোমবার বিকেলে স্থানীয়দের চমকে দিয়ে ওই তরুণী শ্রীপুরে ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি দাবি করেন, তারা একে অপরকে ভালোবেসে মুঠোফোনের মাধ্যমে বিয়ে করেছেন। তবে তাদের কাছে বৈধ বিয়ের কোনো প্রমাণপত্র ছিল না বলে জানা গেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে মুসলিম কিশোরীর সঙ্গে টিকটকে পরিচয় হয়েছিল খ্রিষ্টান তরুণীর। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ আগস্ট মুসলিম কিশোরী পরিবারের কাউকে না জানিয়ে মাদারীপুরে খ্রিষ্টান তরুণীর বাড়িতে চলে যায়। সেখানে ৫ দিন অবস্থান করার পর পুলিশের সহায়তায় তাকে ফিরিয়ে আনে পরিবার। এরপর মুসলিম কিশোরীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেলে গতকাল তার বাড়িতে হাজির হয় খ্রিষ্টান তরুণী।

বিজ্ঞাপন

খ্রিষ্টান তরুণী জানায়, ইতিপূর্বে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। সেখানে দুই বছর সংসারের পর বিচ্ছেদ ঘটে। এরপর মুসলিম ওই কিশোরীর সঙ্গে টিকটকে পরিচয়ের মাধ্যমে মুঠোফোনে তারা বিয়ে করেন।

অন্যদিকে মুসলিম কিশোরী বলে, ‘আমাদের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। মুঠোফোনে আমাদের বিয়েও হয়েছে। এমন বিয়ে ও সম্পর্ক অনেকেই করছেন। আমি তাকে ছাড়া বাঁচব না।’

এ ঘটনায় কিশোরীর বাবা বলেন, এ ধরনের বিয়ে কখনোই সম্ভব নয়। বিষয়টি ইতোমধ্যে পুলিশ এবং ওই তরুণীর পরিবারকে জানানো হয়েছে। তারা এলে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD