ছাগলের শিমগাছ খাওয়া নিয়ে ভয়াবহ কাণ্ড, ঝলসে গেল নারী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে কুলছুমা (৩০) নামে এক নারীর শরীরে ফুটন্ত গরম ভাতের মাড় ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কুলছুমার বাবা মো. জামসেদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এর আগে রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর গ্রামে ওই নির্যাতনের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আব্দুল গনি কুলছুমাকে বিয়ে করেন। গনির আগের সংসারের ছেলে সাইফুলের একটি ছাগল কয়েকদিন আগে কুলছুমার রোপণ করা একটি শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে কুলছুমা প্রতিবাদ করলে সাইফুল ও তার বোনদের সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে কুলছুমার শরীরে ফুটন্ত গরম ভাতের মাড় ঢেলে দেন সাইফুল ও তার বোনেরা। এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
ঘটনার পর বিষয়টি যাতে পুলিশ কিংবা স্থানীয়দের কাছে না পৌঁছায়, সে জন্য অভিযুক্তরা ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। কুলছুমার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে গোপনে চিকিৎসা করানোর প্রলোভন দেখিয়ে প্রথমে ৫ হাজার টাকা দেওয়া হয়। পরে আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুরো ঘটনাটি চেপে যেতে বলা হয়।
বিজ্ঞাপন
তবে পরবর্তী সময়ে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা না দেওয়া এবং কুলছুমার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি আর গোপন থাকেনি। একপর্যায়ে ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ঘটনার কয়েকদিন পার হলেও বিষয়টি গোপন রাখা হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নাজমা ও আকলিমা নামে দুই অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে।








