Logo

৩৮ বছর বয়সে করলেন বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৮ অক্টোবর, ২০২৬, ১৬:৫০
৩৮ বছর বয়সে করলেন বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার পর গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। মর্মান্তিক এ ঘটনায় দুই পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আয়নাল জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন। তাঁর আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত জুলাইয়ে তাঁর প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে এক বন্ধুর সঙ্গে চলে যান বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর দুই সন্তানকে নিয়ে আয়নালের সংসারে নতুন করে নানা সংকট তৈরি হয়। সন্তানদের দেখাশোনা ও ভবিষ্যৎ নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পরে পরিবারের সদস্যদের পরামর্শ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় বিয়ে করেন আয়নাল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি।

কিন্তু নতুন স্ত্রীকে ঘরে তোলার পর বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তিনি মারা যান।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই আয়নালের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাটি পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD